চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা তদারকি করতে পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর।
রোববার রাতে দুই প্রতিমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করেন বলে জানান জেলা সিভিল সার্জন মো. মতিউর রহমান।
এ সময় জেলা প্রশাসক আবু সাঈদসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার সময় প্রতিমন্ত্রীরা রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। নিয়মিত ওষুধ ও চিকিৎসাসেবা পেতে কোনো ভোগান্তি হচ্ছে কি-না, তা নিয়ে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন তারা।
পরিদর্শনের একপর্যায়ে প্রতিমন্ত্রীরা রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান ও পরিমাণ পরীক্ষা করে দেখেন। নির্ধারিত তালিকা অনুযায়ী সঠিক পরিমাণে উন্নত মানের খাবার দেওয়া হচ্ছে কিনা, তাও পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শন শেষে তারা হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ সেবা নিশ্চিতের নির্দেশ দেন।
পাশাপাশি রোগীদের খাবারে যেন কোনো অনিয়ম না হয়, সে বিষয়ে কঠোর নজরদারির জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

