বরিশালসহ দক্ষিণাঞ্চলে ভয়াবহ লোডশেডিংয়ের পাশাপাশি চাঁদাবাজির অভিযোগে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। মাত্র ছয় মাস আগে বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারের জনসমর্থন নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বরিশাল বিভাগীয় শহরসহ জেলা ও উপজেলা পর্যায়ে গত এক মাস ধরে তীব্র বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের পাশাপাশি মধ্যরাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
দক্ষিণাঞ্চল থেকে জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ হলেও স্থানীয় চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সংকট কাটছে না। লোডশেডিংয়ের কারণে হাসপাতালের জরুরি চিকিৎসা, পৌর এলাকার পানি সরবরাহ, শিক্ষা কার্যক্রম ও ব্যবসা-বাণিজ্যও ব্যাহত হচ্ছে।
এর সঙ্গে বিভিন্ন পর্যায়ে ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে নীরব ও প্রকাশ্য চাঁদাবাজির অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিদ্যুৎ সংকট ও চাঁদাবাজির মতো বিষয়গুলো দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থায় আরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

