বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। এ সময় বর ও কনের বাবাকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার বাকাল এলাকায় এ ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রী কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার সঙ্গে উজিরপুর উপজেলার হারতা গ্রামের আকাশ খলিফার বিয়ের আয়োজন করা হয়েছিল।
খবর পেয়ে ইউএনও নিরুপম মজুমদার থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন। একই সঙ্গে বাল্যবিয়ের আয়োজন করায় কনের পক্ষকে ৫ হাজার এবং বরের পক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কনের পরিবারকে বাল্যবিয়ের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়েটির বিয়ে দেওয়া হবে না—এ মর্মে পরিবারের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।
ইউএনও নিরুপম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

